বিরতির পর বাজেট অধিবেশন আজ বিকালে বসছে

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৫১
দুইদিন বিরতির পর আজ রবিবার বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশন বসছে। আজ থেকে প্রতিদিন বিকাল তিনটায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে এবং চলবে রাত নয়টা পর্যন্ত। সংসদ সচিবালয় সূত্র জানায়, আজ থেকে তিন কার্যদিবস পর্যন্ত চলতি অর্থবছরের (২০১২-২০১৩) সম্পূরক বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। তিনদিন আলোচনা শেষে সম্পূরক বাজেট পাস হবে। এরপর থেকে শুরু হবে আগামী অর্থবছরের (২০১৩-২০১৪) প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্পূরক ও প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। গত ৩ জুন বাজেট অধিবেশন উদ্বোধনের আগে সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সম্পূরক ও প্রস্তাবিত বাজেটের উপর ৪০ ঘণ্টা সাধারণ আলোচনা হবে। অপরদিকে আগামী ৩০ জুন পর্যন্ত চলতি মাসের তিনটি শনিবার অর্থাত্ ১৫, ২২ এবং ২৯ জুন সংসদ অধিবেশন বসবে। প্রস্তাবিত বাজেট পাস হবে আগামী ৩০ জুন। সূত্র আরও জানায়, বাজেটের উপর সাধারণ আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী ও মন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপন করা হতে পারে। তবে কার্যপ্রণালী ৭১ বিধিতে সংসদ সদস্যদের নিকট থেকে প্রাপ্ত মনোযোগ আকর্ষণী নোটিসের কার্যক্রম স্থগিত রাখা হবে। আইন প্রণয়ন কার্যাবলী ও বিলের রিপোর্ট উপস্থাপনসহ বিল পাস করা হবে। চলতি অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে।