আজ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৫৪
পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে আজ রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে। কমিটি ১৪৩৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ মাগরিবের নামাজের পর সন্ধ্যা সোয়া সাতটায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সভাপতিত্ব করার কথা। তবে সংসদ অধিবেশনের কারণে তিনি উপস্থিত থাকতে না পারলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বৈঠকে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ৯৫৫-৯৪৯৩, ৯৫৫-৯৬৪৩, ৯৫৫-৫৯৪৭, ৯৫৫-৬৪০৭ এবং ৯৫৫-৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬-৩৩৯৭।