তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইসলাম রক্ষায় হেফাজত ও জামায়াতের দরকার নেই। ইসলামকে বাংলাদেশের মানুষ রক্ষা করছে এবং ভবিষ্যতেও করবে। হেফাজতের ছাতার নিচে বসে যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াত। জ্বালাও-পোড়াও করে তাণ্ডব চালিয়ে, মানুষ হত্যা করে বিচার বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তাদের সে সুযোগ দেয়া হবে না। শেখ হাসিনা জীবিত থাকতে যুদ্ধাপরাধীদের বিচার কেউ বন্ধ করতে পারবে না। বাংলার মাটিতে তাদের বিচার হবেই। এ মাসের মধ্যে সকল যুদ্ধাপরাধীর বিচারকার্য শেষ হতে পারে। এরপর আদালতের দেয়া রায় কার্যকর করা শুরু হবে। তিনি বলেন, জামায়াত সশস্ত্র সন্ত্রাসী দল। এদেরকে সাথে নিয়ে গণতন্ত্র হয় না। এদের নিষিদ্ধ করা উচিত।
গতকাল শনিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে বোয়ালখালী ১৪ দলের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এসএম আবুল কালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিশেষ অতিথির বক্তব্যে মাঈনউদ্দিন খান বাদল বলেন, বাংলাদেশে যথাসময়ে নির্বাচন হবে এবং বিএনপি নির্বাচনে আসবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মুক্তিযোদ্ধা এসএম সেলিম, ইন্দু নন্দন দত্ত, রেজাউল করিম চৌধুরী, মো. জাকারিয়া, রিদওয়ানুল হক টিপু, মো. সেলিম প্রমুখ।
