হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান সরকার ও ইসলাম বিরোধী শক্তি শুরু থেকেই হেফাজতের ১৩ দফা দাবির প্রতি বিষোদগার করে আসছে। তাদের বক্তব্য ছিলো, ১৩ দফা মানলে না কি দেশ ১৩০০ বছর পিছিয়ে যাবে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে ১৩ দফার বিরোধিতা করে জনগণকে ধোঁকা দেয়ার দিন ফুরিয়ে গেছে। গতকাল শনিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, আগামী ১১ জুন থেকে বেফাকের অধীনে কওমী মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সারাদেশের কওমী মাদ্রাসার ছাত্র-ছাত্রী যেন নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসতে ও পরীক্ষা দিতে পারে সরকারকে সে ব্যবস্থা করতে হবে। পরীক্ষা চলাকালে কোন মাদ্রাসায় হয়রানি বা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হলে পরিণাম ভাল হবে না।
নেতৃবৃন্দ হেফাজত মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতির জন্য সরকারকে দায়ি করেন। তারা সরকারের প্রতি তাকে দ্রুত বিদেশ পাঠিয়ে সুচিকিত্সা করানোর আহ্বান জানান। এছাড়া তারা বিবৃতিতে গ্রেফতারকৃত হেফাজত নেতা মাওলানা মামুনুল হকসহ সকল নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান। বিবৃতি প্রদানকারীরা হলেন মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মাহফুজুল হক প্রমুখ।
