হোটেলের মালিকানা বিরোধের জের ধরে রাজধানীর কদমতলীর শ্যামপুরে বঁটি দিয়ে এক মালিক অপর এক মালিককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। আহত হোটেল মালিকের নাম মঞ্জু মিয়া (২৪)। হামলাকারী মালিকের নাম আলম মিয়া। বর্তমানে আহত মঞ্জু মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। কদমতলীর শ্যামপুর বালুরমাঠ গাজী ট্যাংক সংলগ্ন একটি ভাতের হোটেলের ভেতরে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
আহত মঞ্জু মিয়া বলেন, তিনিসহ এই ভাতের হোটেলের মালিক মোট তিনজন। অপর মালিকরা হলেন আমীর মিয়া ও আলম মিয়া। হোটেলের আয়-ব্যয় নিয়ে গত কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বেলা ১২টার দিকে হোটেলের এক মালিক আলম মিয়া বঁটি দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপান। এতে করে আমার হাতের এক অংশ ও পিঠের চারটি অংশ গুরুতর জখম হয়। এ সময় আমার মামা কামরুল ইসলাম গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সংশিষ্ট সূত্রে জানা গেছে, আহত মঞ্জুর বাবা মৃত হীরা মিয়া। কদমতলীর শ্যামপুর বালুরমাঠ এলাকায় তিনি ভাড়া থাকেন।
