ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গ করতে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৫৭
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গকরণে অনিয়মের অভিযোগ তুলেছে পদবঞ্চিতরা। একইসাথে আগামী ১১ জুনের মধ্যে কমিটি পুনর্গঠন করে পদবঞ্চিতদের পদায়ন করার দাবি জানিয়েছেন তারা। দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে বলে তারা জানান। গতকাল শনিবার সকালে ঢাকা ক্রাইম রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান ছাত্রদলের বিগত কমিটিতে পদপ্রাপ্ত ও বর্তমান কমিটিতে পদবঞ্চিত নেতারা। বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার প্রতিবাদে কর্মসূচি পালন এবং কমিটির পরিধি বাড়ানোর প্রক্রিয়া যখন শুরু করেছে কেন্দ্রীয় কমিটি ঠিক তখনই এই সংবাদ করা হলো। গত ১৫ এপ্রিল আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে সভাপতি ও হাবিবুর রশীদ হাবিবকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ২৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পদবঞ্চিতদের সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান। পদবঞ্চিতরা অভিযোগ করেন অর্থের বিনিময়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল এমনকি অন্য দলের নেতারাও পদপ্রাপ্ত হয়েছেন। ১১ জুনের মধ্যে দাবি না মানলে পরে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দেন পদবঞ্চিত নেতারা। তারা বলেন, বর্তমান কমিটির ২৯১ সদস্যের মধ্যে মাত্র ১২৩ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকি ১৬৮ জনকে অন্য প্রতিষ্ঠান থেকে কমিটিভুক্ত করা হয়েছে। গাড়ির চালক, ভাঙ্গারি দোকানি, নেশাগ্রস্তরাও কমিটিতে পদ পেয়েছে। কমিটির ৭০ সদস্যই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এর মাধ্যমে ছাত্রদলের ইতিহাস ও সাফল্যকে ম্নান করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রয়েল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ আদেল মোহাম্মদ জুয়েল, জাকির হোসেন, এম আর চৌধুরী মিল্টন, সাবেক ক্রীড়া সম্পাদক আহসানুল হক রুবেল, সাবেক অর্থ সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, সাবেক আপ্যায়ন সম্পাদক রুহুল ইসলাম মনি, সাবেক সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন খান। এ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল বলেন, কমিটির আকার এমনিতেই বড় হয়েছে। এরপরও অনেককেই পদায়ন করা সম্ভব হয়নি। আলোচনার ভিত্তিতে যোগ্যদের পদায়ন করার একটি প্রক্রিয়া শুরু করেছি। এ সময় এ ধরনের অভিযোগ দুঃখজনক। তিনি পদ বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন এবং যোগ্যদেরই কমিটিতে পদায়ন করা হয়েছে বলে দাবি করেন। এদিকে বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে পুলিশের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেত-কর্মীরা।