সরকার টোটালি কনফিউজড

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৫৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার বুঝতে পেরেছে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হলে তারা শুধু পরাজিতই হবেন না, তাদের জামানতও বাজেয়াপ্ত হবে। তিনি বলেন, যতই দিন যাচ্ছে সরকার বুঝতে পারছে তাদের নিস্তার নেই। তাই তারা আজ জনগণ, তত্ত্বাবধায়ক সরকার ও বিরোধী দলকে নিয়ে টোটালি কনফিউজড। সরকারকে বলবো, রাজতান্ত্রিক মানসিকতা পরিহার করে গণতন্ত্রী হোন। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র এক আলোচনাসভায় আবদুল মঈন খান আরো বলেন, সংলাপ নিয়ে সরকার নানারকম কথা বলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। একবার বলছে সংলাপ হবে, আবার বলছে সংলাপ হবে না। একবার বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আরেকবার বলছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে ভরাডুবির আশঙ্কা থেকে সরকার বিভ্রান্তি সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। অতীতে সামরিক শাসনের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল দাবি করে মঈন খান বলেন, সেনাবাহিনী কখনো গণতন্ত্র হরণ করেনি। আওয়ামী লীগ যখনি ক্ষমতায় যেতে পারেনি, তখনি তারা ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে নিয়ে আসার পরিবেশ তৈরি করেছিল। ১৯৮২ সাল এরশাদের সামরিক শাসন ও ওয়ান-ইলেভেনে সেনা সমর্থিত সরকারের পেছনে আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা জনগণ ভুলে যায়নি। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।