বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার মিজ হিদার ক্রুডেন বলেছেন, উদার গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের সুনাম রয়েছে। এ দেশের সামাজিক অগ্রগতি অনেক দেশের জন্য অনুসরণীয়। বহির্বিশ্বে উদার ও শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের যে ভাবমূর্তি রয়েছে তা অব্যাহত রাখতে রাজনীতিতে গণতন্ত্রের সুগম যাত্রা অপরিহার্য। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রে সংঘাতের কোন স্থান নেই। সরকার ও বিরোধীদল শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে চলমান সংকটের নিরসন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের নবম ফাউন্ডেশন ডে বক্তৃতায় তিনি এ কথা বলেন। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইকমিশনার কানাডা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক: ৪০ বছরের সংযুক্ততা শীর্ষক বক্তৃতায় বলেন, কানাডায় দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলো বাংলাদেশ। শিক্ষা, সাংস্কৃতিক ও তথ্য বিনিময়ের ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের জনগণ কানাডার জনগণের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক ও গণতান্ত্রিক বন্ধনে আবদ্ধ। আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি শোভাযাত্রা বের হয়। আরেফিন সিদ্দিক নেতৃত্ব দেন। সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
