ছোটবেলায় শখের বশে ইয়ো-ইয়ো ঘোরানোর অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। তবে সেই শখকে একটু ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্য থেকেই প্রায় তিন বছরের নিরলস পরিশ্রমে বিশ্বের সবচেয়ে বড় ইয়ো-ইয়োটি তৈরি করেন আমেরিকার বেথ জনসন। জনসনের তৈরি এই ইয়ো-ইয়োটির মূল গোলাকার অংশের পরিধি ছিল ৩.৬৩ মিটার বা ১১ ফুট ৯ ইঞ্চি এবং এটির ওজন ছিল সবমিলিয়ে ২০৯৫.৬ কেজি। জনসন এই ইয়ো-ইয়োটির নাম রাখেন ‘হোয়া-ইয়ো’। তবে সবচেয়ে মজার বিষয় হলো শুধুমাত্র ঢাউস আকৃতির প্রতিকৃতি হিসেবেই নয় বরং কর্মক্ষম হিসেবে এই ইয়ো-ইয়োটি নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাও জনসনের জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিল। আর প্রথম তিনবারের ব্যর্থ চেষ্টার পর চতুর্থবারে আমেরিকার ওহিও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে একটি ক্রেনের সাহায্য নিয়ে বিশ্বের বৃহত্তম এই ইয়ো-ইয়োটি ঘুরিয়ে দেখাতে সক্ষম হন বেথ জনসন।
