ব্যবসায়ীর সঙ্গে ঘর বাঁধলেন প্রিন্সেস মেডেলিন

আপডেট : ০৯ জুন ২০১৩, ২০:০৬
সুইডেনের প্রিন্সেস মেডেলিন ও মার্কিন-ব্রিটিশ ব্যবসায়ী ক্রিস্টোফার ও’নেইলের জাঁকজমকপূর্ণ বিয়ে গত শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে সম্পন্ন হয়েছে। ত্রিশ বছর বয়স্ক প্রিন্সেস মেডেলিন আগেই নিউইয়র্ক থেকে স্টকহোমে চলে আসেন। দুই বছর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেই ও’নেইলের সঙ্গে মেডেলিনের প্রথম সাক্ষাত্ হয়েছিল। স্টকহোমের রয়েল প্যালেসে রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে প্রায় পাঁচশ অতিথি উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক লোক এই অনুষ্ঠান উপভোগ করে। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় বিয়ের অনুষ্ঠান। প্রিন্সেস মেডেলিনের বিয়ের অনুষ্ঠানে ইউরোপের অনেক রাজপরিবারের সদস্য উপস্থিত ছিলেন। বিয়েতে সুইডিশ ও ব্রিটিশ রীতি অনুসরণ করা হয়। বিয়ের পর আবার আমেরিকায় চলে যাবেন মেডেলিন। প্রন্সেস মেডেলিনের বড় বোন রাজকুমারী ভিক্টোরিয়ার সঙ্গে বিয়ে হয় তার প্রশিক্ষক ডেনিয়েন ওয়েসলিংয়ের। ২০১০ সালে স্টকহোমেই অনুষ্ঠিত সেই বিয়ে আরো বেশি জাঁকজমকপূর্ণ ছিল। সেই সময় পুরো রাজধানী উত্সবের নগরীতে পরিণত হয়েছিল। ডাচেস অব হ্যালসিংল্যান্ড ও গ্যাসট্রিকল্যান্ড প্রিন্সেস মেডেলিন নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড চাইল্ডহুড ফাউন্ডেশনে কাজ করার সময় দুই বছর আগে ব্যবসায়ী ক্রিস্টোফার ও’নেইলের সঙ্গে পরিচয় হয়। সুইডেনের রাজা কার্ল ষোড়শ গাস্টফ ও রাণী সিলভিয়ার কনিষ্ঠ সন্তান মেডেলেলিনের সঙ্গে সুইডেনের এক আইনজীবীর বাগদান প্রক্রিয়া ভেঙে গেলে মেডেলিন ২০১০ সালে আমেরিকায় চলে যান। এরপর থেকে তিনি প্রচারণায় আসেননি খুব একটা। এছাড়া সুইডেনের সংবাদ মাধ্যমের সঙ্গেও তার সম্পর্ক ভাল নয়। এক সময় ক্লাবে পড়ে থাকতেন বলে সংবাদ মাধ্যমে তাকে বলা হতো ‘পার্টি প্রিন্সেস’। রাজ পরিবারের উত্তরাধিকারের চতুর্থ স্থানে আছেন মেডেলিন।