ফোর্বসের বিরুদ্ধে প্রিন্স তালালের মামলা

আপডেট : ০৯ জুন ২০১৩, ২০:১০
সৌদি ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের বিরুদ্ধে ব্রিটেনে মানহানির মামলা করেছেন। ফোর্বস প্রতিবারের মতো এ বছরের মার্চে বিশ্বে শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করে যে তালিকায় টানা চতুর্থবার এক নম্বর স্থান ধরে রেখেছেন মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী কার্লুস স্লিম। তালিকায় ২৬ নম্বর স্থানে আছেন সৌদি প্রিন্স তালাল। ফোর্বসের হিসেবে তার সম্পদের পরিমাণ দুই হাজার কোটি ডলার। প্রিন্সের হিসেবে তার সম্পদের পরিমাণ দুই হাজার ৯৬০ কোটি ডলার। অর্থাত্ ৯৬০ কোটি ডলার কম দেখানো হয়েছে। সৌদি বাদশাহ আবদুল্লাহর ভাতিজা প্রিন্স তালাল অভিযোগ করেন, ফোর্বসের হিসেব পদ্ধতি ত্রুটিপূর্ণ এবং পক্ষপাতিত্বমূলক। প্রিন্স তালালের কোম্পানির নাম কিংডম হোল্ডিং কোম্পানি। তিনি সিটিগ্রুপ, নিউজ কর্পোরেশন ও অ্যাপলসহ আরো অনেক কোম্পানির বড় অংশীদার। তিনি নিউইয়র্কের প্লাজা, লন্ডনের স্যাভয় ও প্যারিসের পঞ্চম জর্জ হোটেলের মালিক অথবা অংশীদার। ৪ মার্চ শীর্ষ ধনীর তালিকা প্রকাশের পর প্রিন্স তালালের অফিস থেকে বলা হয়, ফোর্বস ম্যাগাজিন ভুল তথ্য-উপাত্ত নিয়ে সম্পদের হিসেব করেছে। তারা যে পদ্ধতিতে হিসেব করে তা মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নয়। তারা অন্যান্য স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির সম্পদ মূল্য আমলে নিলেও সৌদি স্টক এক্সচেঞ্জের তথ্য আমলে নেয়নি। লন্ডন হাইকোর্ট থেকে জানা গেছে, ৩০ এপ্রিল দায়ের করা মামলার শুনানির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। এই বিষয়টি ব্রিটেনের আদালতের এখতিয়ারের বাইরে উল্লেখ করে ফোর্বসের বিরুদ্ধে মামলা করায় বিস্ময় প্রকাশ করেছে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা। তারা বলেছে, এতে ব্রিটেনের আদালতের কিছুই করার নেই। আইনজীবীরা বলছেন, মানহানি হয়েছে এই অভিযোগ প্রমাণ করতে পারলেই ব্রিটেনের আদালতের রায় বাদীর পক্ষে যাবে। কিন্তু যুক্তরাষ্ট্রের আদালতে প্রমাণ করতে হয়, প্রতিবেদনটি অসত্য এবং প্রকাশকও তা জানতেন।