চলে গেলেন সিরাজুল হক মিন্টু

আপডেট : ০৯ জুন ২০১৩, ২০:৫৭
প্রবীণ কৌতুকাভিনেতা সিরাজুল হক মন্টু গত শনিবার রাত ৯টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার বড় মেয়ে ফৌজিয়া বেগম মিতা জানান, গত শুক্রবার সন্ধ্যায় তার বাবা ব্রেইন স্ট্রোক করেন। এর পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একদিন থাকার পর মৃত্যুবরণ করেন তিনি। বয়স হয়ে গেলেও সিরাজুল হক মন্টু বেশ স্বাভাবিক জীবন যাপনই করতেন। গত ১ জুন তিনি তার ছোট ছেলে রিন্টুর বিয়ে দেন। বড় মেয়ে মিতা ও রিতার বিয়ে হয়েছে বেশ আগেই। সিরাজুল হক মন্টুর সহধর্মিণী তার স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন। ময়মনসিংহ একটি সাংস্কৃতিক নগরী হিসেবেই পরিচিত। আর এই নগরীরই একজন বাসিন্দা ছিলেন এক সময়ের তুমুল জনপ্রিয় কৌতুকাভিনেতা সিরাজুল হক মন্টু। যিনি মূলত আশির দশকে ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানে ‘আচ্ছা বলুন তো’ সংলাপটির মাধ্যমে দর্শকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পান। গত বছরের ২৯ জুন হানিফ সংকেতের ‘ইত্যাদি’ ম্যাগাজিন অনুষ্ঠানে দীর্ঘদিন পর সিরাজুল হক মন্টুকে দর্শকের সামনে উপস্থাপন করা হয়। গতকাল রবিবার বাদ যোহর নামাজে জানাজার পর সিরাজুল হক মন্টুর মরদেহ ময়মনসিংহের গুলকি বাড়ি কবরস্থানে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দাফন করা হয়।