তাদেরকে ব্যান্ড হিসেবে আখ্যা না দিয়ে বলা ভালো, একাধিক শিল্পীর পারফর্মেন্সের কারিগর। মাত্র দুই বছরে এই ৫ জন মেধাবী মিউজিশিয়ানের একাত্মাতার ওপরে নির্ভর করেই শিল্পীরা নিজেদের পারফর্মেন্সের ওপরে ভরসা পাচ্ছেন। মিউজিশিয়ান দলটির নাম ‘ফাইভ স্টার’। এরই মধ্যে হেন কোনো স্যাটেলাইট চ্যানেল নেই যেখানে তারা পারফর্ম করেননি। এর বাইরে বিভিন্ন বড় বড় আয়োজনের স্টেজ শো আর ঘরোয়া প্রোগ্রাম তো রয়েছেই। শিল্পী তালিকাও বেশ লম্বা, সুবীর নন্দী, ফাহমিদা নবী, বেবী নাজনীন, আঁখি আলমগীর, মনির খান, দিলরুবা, আগুনসহ প্রায় অর্ধশত সিনিয়র ও জুনিয়র শিল্পীরা। নিজেদের এই দলের একাত্মতা প্রসঙ্গে ফাইভ স্টারের গিটারিস্ট চঞ্চল বলেন, ‘আমাদের ভেতরে মানসিক বুঝাপড়াটাই আসলে সাফল্য এনে দিয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের শিল্পীদের গান বাজিয়ে এখন নিজেদের ভেতরেই প্রায় হাজার খানেক গান আমাদের কর্ড তোলা হয়ে গেছে। এটাকে শুধু কমার্শিয়াল বিচারে নয়। আমি বলব ফাইভ স্টারের প্রত্যেক মিউজিশিয়ানের জন্যও অনেক বড় একটা কাজ হয়েছে। খুব শিগগিরই ফাইভ স্টারের সদস্যরা দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও পাড়ি জমাবেন। এর আগে কোরিয়া, নেপাল ট্যুর দিয়েছে এই মিউজিশিয়ান দলটি। এ ছাড়া এ দেশের রিয়েলিটি শোগুলোও অনেকটা নির্ভর করছে ‘ফাইভ স্টার’-এর মিউজিশিয়ানদের ওপরে। ‘ফাইভ স্টার’-এর লাইন আপ : মোহাম্মদ ইমরান খান চঞ্চল (লিড গিটারিস্ট), হানিফ আহমেদ (ড্রামস), শফিউজ্জামান সাজু (কিবোর্ড), মো. কামাল হোসেন (বেস), শিমুল বড়ুয়া (তবলা)।
