সজল-মম’র ‘তোমায় ভেবে’

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:০১
ঈদের আর খুব একটা দেরি নেই। ঈদের নাটক মানেই সজল। গত প্রায় কয়েক বছর ধরে দর্শকদের চাহিদার উপর ভিত্তি করে প্রায় প্রতিটি চ্যানেলই ঈদ উপলক্ষে সজল অভিনীত একাধিক নাটক, টেলিফিল্ম প্রচারের উদ্যোগ নিয়ে থাকেন। অন্যদিকে এ সময়ের প্রতিভাবান ও অভিনয়ের প্রতি দায়িত্বশীল অভিনেত্রীদের জাকিয়া বারী মমর নামটি এখন অন্যতম। সম্প্রতি ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতার সঙ্গে ঈদের একটি নাটকে অভিনয় করলেন জাকিয়া বারী মম। নাটকটি আসছে ঈদের জন্যই নির্মিত হয়েছে। নাটকটির রচনা ও চিত্রনাট্য করেছেন শারমিন চৌধুরী ইফসিতা। সজল বলেন, ‘এই মুহূর্তে শুধু ঈদের নাটকেই সময় দিচ্ছি। শুধু রোজার ঈদেরই নয়, আসছে কোরবানির ঈদের নাটকেও কাজ শুরু করে দিয়েছি। এরইমধ্যে অনেকগুলো নাটকের শুটিং শেষ করেছি। ‘তোমায় ভেবে’ নাটকটিও তার মধ্যে একটি নাটক। সম্প্রতি আমরা এর শুটিং শেষ করি। জাকিয়া বারী মম খুবই ভালো অভিনেত্রী। খুব সহজেই সে সিক্যুয়েন্সগুলো ধরতে পারে। নাটকটির রচয়িতাও অনেক যত্নসহকারে লিখেছেন। এর আগেও তার রচিত একাধিক নাটকে আমি কাজ করেছি। আশাকরি ঈদে প্রচারিতব্য এই নাটকটি দর্শকরা উপভোগ করবে।’