ভোলার শিশু তালায় উদ্ধার

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:১৫
সাতক্ষীরার তালায় ১০ বছর বয়সী রাশেদ নামের এক হারানো শিশুর সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা মোড়ে তাকে পাওয়া যায়। সে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে জানায়, তার পিতা বশির শেখ, মাতার নাম হাজিরা বেগম এবং তাদের বাড়ি ভোলায়। এছাড়া আর কিছুই বলতে পারছে না সে। ধারণা করা হচ্ছে তাকে অপহরণ করে আনা হয়েছিল। সে এখন পিতা-মাতার কোলে ফিরে যেতে ব্যাকুল হয়ে পড়েছে। এ সময় রাশেদের পরনে ছিল কালো ও কমলা রংয়ের চেকের লুঙ্গি। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার এবং মাথার চুল লম্বা ও খাড়া। এছাড়া তার বাম পায়ে পাতার উপর কাটা দাগ আছে। সন্ধান পাওয়া শিশুটি জানায় সে বাড়ির পাশে স্কুল মাঠে বন্ধু সুমন ও বক্কারের সাথে খেলা করছিল। এসময় অজ্ঞাত পরিচয়ধারী ৩/৪ জন পিঠে থাপ্পড় মেরে তাকে জাহাজে তুলে নিয়ে আসে। তবে কতদিন আগে তাকে তুলে আনা হয় কিংবা এখানে কিভাবে এল সেটিও সে সঠিকভাবে বলতে পারছে না। ছেলেটি বর্তমানে উপজেলার কুমিরা গ্রামের নছিমুদ্দিন কাগজীর পুত্র মাংস বিক্রেতা আব্দুর রহিম কাগজীর বাড়িতে আছে। তার সন্ধান পেতে ০১৭২৫-৮৮৮৭১৬ মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।