বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচনের মাধ্যমেই সরকার ও সরকারি দলের পতন ঘটাতে হবে। সকল ভেদাভেদ ভুলে এই সরকারের সকল দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি তথা ১৮ দলীয় জোটকে বিজয় ছিনিয়ে আনতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে টঙ্গীর পাশে আব্দুল্লাপুর পলওয়েল কনভেনশন সেন্টারে টঙ্গী থানা বিএনপির বর্ধিতসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। গত শনিবার বিকালে অনুষ্ঠিত এ সভায় টঙ্গী থানা বিএনপির সভাপতি গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম শাহানশাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি এ,কে,এম ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, শ্রমিক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন সরকার, জেলা যুবদল সভাপতি এমদাদ হোসেন খান, জেলা ছাত্রদল সভাপতি সরাফত হোসেনসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার বলেন, ১৪ দলের প্রার্থী আজমত উল্লা খান ১৮ বছর টঙ্গীর মেয়র থেকে অনেক অনিয়ম দুর্নীতি করে যে টাকা অর্জন করেছে তা টঙ্গীবাসীর টাকা। টঙ্গীর জনগণ এখনও রাস্তায় সামান্য বৃষ্টিতে হাঁটু পানি মাড়িয়ে চলাচল করতে হয়। এসময় সভা করলে সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধি লংঘন হওয়ার আশংকায় টঙ্গী থানা বিএনপি সিটি নির্বাচনী এলাকার বাইরে এ বর্ধিত সভার আয়োজন করে।
