তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নেওয়া গ্রাহকদের আগামী ২০ জুনের মধ্যে বৈধ হওয়ার সময়সীমা বেধে দিয়েছে সরকার। অবৈধ চুলা ব্যবহারের জন্য সরকার গ্রাহকদের কাছ থেকে এক বছরের ও ৩ মাসের বিলের সমপরিমাণ জরিমানা আদায় করবে বলে জানিয়েছে। এছাড়াও, তিতাসের যেসব অসাধু ঠিকাদার ও কর্মকর্তা গ্রাহকদের অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রমাণ সাপেক্ষে তাদের কৃতকর্মের জন্যও ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর। সরকারি হিসেব মতে অবৈধ গ্রাহকের সংখ্যা ৫৭ হাজার ৪১৪টি।
সম্প্রতি সরকার বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ এবং অবৈধ চুলাকে বৈধ করার ঘোষণা দিলে এক শ্রেণীর কর্মকর্তা ও ঠিকাদার তাদের কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে জরিমানা দিয়ে অবৈধ চুলা বৈধ করার পরিবর্তে গ্রাহকদের নতুন করে গ্যাস সংযোগের পরামর্শ দিচ্ছে। যে কারণে গ্রাহকদের কাছ থেকে অবৈধ চুলা বৈধকরণ বিষয়ে আশানুরূপ সাড়া নেই। বিষয়টির প্রতি দৃষ্টি দিয়ে পেট্রোবাংলা চেয়ারম্যান যদি সত্যিই কোনো পদক্ষেপ নেন তাহলে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
মোমিন চৌধুরী, খিলগাঁও, ঢাকা
