বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন গত শনিবার কনফেডারেশন কাপের প্রস্তুতির অংশ হিসেবে হাইতির বিরুদ্ধে প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছে। ব্রাজিলে ১৫ জুন শুরু হচ্ছে কনফেডারেশন কাপ ফুটবল। টানা দুইবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেন ব্রাজিলে যাচ্ছে ফেবারিট হিসেবেই। ভিসেন্তে ডেল বস্কের দল আট মিনিটেই স্যান্টি ক্যাজোরলার গোলে এগিয়ে গিয়েছিল। সেসক ফ্যাব্রেগাসের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে গোলটি করেন আর্সেনালের ক্যাজোরলা। স্প্যানিশদের দ্বিতীয় গোলটি পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৯ মিনিটে জুয়ান মাতার চিপ থেকে ফ্যাব্রেগাস হেডে দলের ব্যবধান দ্বিগুণ করেন। হাইতি ৭৬ মিনিটে উইল্ড ডোনাল্ড গুয়েরিয়ারের নৈপুণ্যে একটি গোল শোধ করতে সক্ষম হয়। বার্সেলোনার তারকা খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন। ইকার ক্যাসিয়াসের বদলি হিসেবে পেপে রেইনাও এসেছিলেন। গুয়েরিয়ার দুর্দান্ত বেগে ছুটে গিয়ে স্পেনের রক্ষণব্যুহ ভেঙে রেইনাকে বোকা বানিয়ে দারুণ গোল করেন। হাইতি কষ্টার্জিত গোল পেয়েছে বলতে হবে। তবে স্পেন খেলার শেষ মিনিট পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করে। কনফেডারেশন কাপের আগে স্পেন আরো একটি প্রীতি ম্যাচ খেলবে আগামী মঙ্গলবার নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে। কনফেডারেশন কাপে গ্রুপ ‘বি’ তে স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে, নাইজেরিয়া এবং তাহিতি।
