কেসিসি নির্বাচন

হেফাজতের কাছ থেকে ‘গ্রীন সিগন্যাল’ পাননি কোন পক্ষই

আপডেট : ০৯ জুন ২০১৩, ২২:১২
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীই হেফাজতকে কাছে টানার চেষ্টা করছেন। ১৪ দল সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক এবং ১৮ দল সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি একে অপরের সঙ্গে লড়াইয়ে টিকে থাকার কৌশল হিসাবে এ চেষ্টা চালাচ্ছেন। তবে হেফাজতের পক্ষ থেকে কোন প্রার্থীই এখন পর্যন্ত কোন ‘গ্রীন সিগন্যাল’ পাননি বলে জানা গেছে। এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে হেফাজতের ভোট যে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা উভয় প্রার্থীই অনুধাবন করতে পারার কারণে তারা তাদের কাছে টানতে নানা কৌশল অবলম্বন করছেন। সামপ্রতিক সময়ে হেফাজতের ঢাকা অবরোধের ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এবারের ভোটের হিসাবটা একটু ভিন্নতর বলে ওয়াকিবহালদের অভিমত। পাঁচ থানার ওসি রদবদল খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় নগরীর ৫ থানার ওসিকে রদবদল করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে এই রদবদল করা হয়েছে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি রাশিদা বেগম নিশ্চিত করেছেন। খুলনা সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদকে বদলি করা হয়েছে দৌলতপুর থানায়। দৌলতপুর থানার ওসি আকতার হোসেনকে দেয়া হয়েছে খুলনা থানায়। সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামানকে বদলি করা হয়েছে কেএমপি সদর দফতরে। সোনাডাঙ্গা থানায় দেয়া হয়েছে খালিশপুরের ওসি সুকুমার বিশ্বাসকে। খানজাহান আলী থানার ওসি শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে খালিশপুর থানায়। এছাড়া খানজাহান আলী থানায় দেয়া হয়েছে ডিবি’র ওসি সুরেশ চন্দ্র হাওলাদারকে।