হযরত শাহজালাল বিমানবন্দরে অভিনব কায়দায় জুতার ভিতরে স্বর্ণ চোরাচালান করার সময় এক কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ গোলাম রব্বানী (৩৯) নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। শনিবার রাতে বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আসার সময় তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ২০ লাখ টাকা। এসময় আরেক যাত্রী শহিদুল পালিয়ে গেছে। তবে তার ফেলে যাওয়া ৮৮ হাজার ৪১২ মালয়েশীয় রিঙ্গিত ও পাসপোর্ট জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া যাত্রীর গ্রামের বাড়ি নরসিংদীতে।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সিনিয়র এএসপি সোয়েব জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত সাড়ে ১০টায় অবতরণ করার পর গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী গোলাম রব্বানীকে উক্ত স্বর্ণসহ গ্রেফতার করা হয়। তার জুতার ভিতরে গোপনে ১৯৪টি স্বর্ণের চেইন পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৩শ’ গ্রাম।
গলাকাটা পাসপোর্টসহ গ্রেফতার ৫
শনিবার সকালে একই বিমানবন্দর থেকে গলাকাটা পাসপোর্টসহ পাঁচজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা। চেকিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলাকাটা পাসপোর্টের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেফতার শেষে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ কালাম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন ও মাইনুদ্দিন। এপিবিএন-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ফকিরাপুলের আলালউদ্দীন নামে এক দালালের কাছ থেকে গলাকাটা পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর পৃথকস্থানে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতরা হলো সেলিম, সোহেল ওরফে হানিফ ও মনিরুল ইসলাম ওরফে মনির খান।
অধিদফতরের উত্তরা সার্কেলের পরিদর্শক লায়েকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডস্থ সুবাস্তু অর্কিডের সামনে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ সেলিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে সে বিক্রি করে থাকে।
একইরাতে তেজগাঁও থানার কাওরান বাজারের বিএসইসি ভবনের সামনে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ সোহেল ও মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিউমার্কেট ও তেজগাঁও থানায় দু’টি মামলা হয়েছে।
