সরকারকেই বিল আনতে হবে

নির্বাচনী সরকার প্রশ্নে অনানুষ্ঠানিক আলোচনা চাই

আপডেট : ০৯ জুন ২০১৩, ২২:৪৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, নির্দলীয় সরকারের বিষয়ে বিরোধী দল সংসদে কোনো প্রস্তাব দেবে না। এ নিয়ে তারা সংসদে কোনো বিতর্কও করতে চায় না। আগে সংসদে বাইরে ‘অনানুষ্ঠানিক পরিবেশে’ আলোচনা করতে চায় বিএনপি। এরপর সরকারকেই সংসদে নির্দলীয় সরকারের বিল আনতে হবে, তখন বিরোধী দল সংসদে আলোচনা করে তা পাসে সহযোগিতা করবে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী যুবফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এম কে আনোয়ার বলেন, সংসদে কোনো বিষয় নিয়ে বিতর্ক হতে পারে, তবে আলোচনার সুযোগ নেই। মুলতবি প্রস্তাব এনে বিএনপি এরকম অর্থহীন বিতর্ক করতে চায় না। সরকারকে বলবো, এ বিষয়ে সংসদে সুনির্দিষ্ট বিল আনুন, তখন আমরা আলোচনায় অংশ নেব। তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করতে তত্ত্বাবধায়ক নিয়ে সরকারের একেক মন্ত্রী একেকরকম কথা বলছেন। ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে ফেরাতে সরকারের উদ্যোগের সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, তাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে না। সময় হলে এবং সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই ফিরে আসবেন।