চট্টগ্রাম মেডিক্যালের ৬টি স্টাফ কোয়ার্টারের মধ্যে ৪টি কয়েক বছর আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে গতকাল রবিবার একটি স্টাফ কোয়ার্টারের আংশিক ভেঙে পড়ে। তিনতলা বিশিষ্ট কোয়ার্টার ঝুঁকিপূর্ণ বলা হলেও লোকজন বসবাস করছে। মেরামত কাজ করার সময় গতকাল রবিবার কোয়ার্টারের দোতলা পর্যন্ত এক অংশ হঠাত্ ভেঙে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।
তিনতলা ভবনটিতে ৬টি পরিবার বসবাস করে। মেডিক্যালের ৪র্থ শ্রেণীর কর্মচারীরা এখানে থাকেন। ভবনটি কয়েক বছর আগেই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে গণপূর্ত বিভাগ। প্রায় ৫০ বছরের পুরনো ভবনটি জোড়াতালি দিয়ে লোকজন বসবাস করে আসছে। কয়েকদিন আগে গণপূর্ত বিভাগ ভবনের মেরামত কাজ শুরু করেছে। ভেঙে পড়ার পর মেডিক্যাল কর্তৃপক্ষ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বসবাসকারীদের সরিয়ে নিয়ে সিলগালা করে দিয়েছে।
মেডিক্যালের দক্ষিণ পাশে গোয়াছিবাগান এলাকায় তিনতলা বিশিষ্ট ৬টি স্টাফ কোয়ার্টার রয়েছে। এসব ভবন ১৯৬০ ও ৬৫ সালে নির্মাণ করা হয়েছে। এসব ভবন অনেক আগে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়। তিনতলা বিশিষ্ট ৬টি ভবনে মেডিক্যালের ৪র্থ শ্রেণীর ৩৬টি পরিবার বসবাস করেন। ভবনগুলোর বিভিন্ন অংশে ফাটল ও অংশবিশেষ ঝড়ে পড়েছে।
