তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার হরতাল শুরু, বান্দরবানে লাঠিচার্জ

আপডেট : ০৯ জুন ২০১৩, ২৩:০২
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলা- বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে গতকাল রবিবার থেকে টানা ৭২ ঘন্টার হরতাল শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনসহ পাঁচটি সংগঠন এ হরতালের ডাক দেয়। বান্দরবানে হরতালে পিকেটারদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। এতে পাঁচজন আহত হয়েছে। পুলিশ বাঙালি ছাত্র পরিষদের চার কর্মীকে আটক করেছে। গতকাল সকাল থেকেই সমঅধিকার আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদসহ পাঁচ সংগঠনের নেতাকর্মীরা তিন পার্বত্য জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নেয়। খণ্ডখণ্ড মিছিল, টায়ারে আগুন এবং জোরালো পিকেটিং করে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা। এদিকে হরতালের কারণে বান্দরবান জেলা শহরসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। হরতালে শহরের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। রাঙ্গামাটি প্রতিনিধি জানান, দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল হরতাল আহবানকারী পাঁচ সংগঠনের নেতাদের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। ঘন্টাব্যাপী চলা এ বৈঠকে জেলা প্রশাসক স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা ও মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার কিংবা শিথিল করার আহবান জানান। নেতারা এ বিষয়ে তাত্ক্ষণিক কোন সিদ্ধান্ত দেননি। তারা বলেন, তিন পার্বত্য জেলার নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন।