সোমবারের হরতালের সমর্থনে আয়োজিত মিছিলে বাধা দিলে পুলিশের ওপর উপর্যুপরি ককটেল নিক্ষেপ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে। উভয় পক্ষের সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছে। পুলিশ শহর জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ১৬ জনকে আটক করেছে।
গতকাল রবিবার মাগরিবের নামাজের আগমুহূর্তে বগুড়া শহর জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা শহরের গোহাইল রোডের জেলা পরিষদ মার্কেটের সামনে সমবেত হয়। সেখান থেকে সোমবারের হরতালের সমর্থনে তারা মিছিল বের করে। পুলিশ তাদের বাধা দিলে মিছিলকারীরা সুত্রাপুর এলাকার ডা. ইসাহাক আলী লেনে ঢুকে যায়। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে উপর্যুপরি ককটেল নিক্ষেপ করে। পুলিশ এ পরিস্থিতিতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস সেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। উভয় পক্ষের সংঘর্ষে তিন পুলিশ সদস্য ও জামায়াতের ৫ কর্মী আহত হয়। এসময় বগুড়া শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাকিমসহ ১৬ জনকে আটক করে পুলিশ।
