বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ৯২৩ মার্কিন ডলার। বর্তমানে প্রবৃদ্ধি অব্যাহত আছে, এভাবে চলতে থাকলে ২০১৯ সালেই আমরা মধ্যম আয়ের দেশ হবো। ২০১৫ সালেই আমাদের মাথাপিছু আয় এক হাজার ২৪ ডলারে পৌঁছাবে। আর পরবর্তী চার বছর প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে পারলেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।
গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ট্রাস্ট ব্যাংকের এসএমই হেল্প ডেস্ক ও নারী উদ্যোক্তা নির্দেশিকার উদ্বোধনকালে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশ্যাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকমল সিংহ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী, এসএমই বিভাগের প্রধান টিআইএম রওশন জাদীদ।
গভর্নর বলেন, কম সম্পদ ব্যবহার করে বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হবে, এটাই গ্রিন ব্যাংকিং। আমরা ভারত ও পাকিস্তানের তুলনায় প্রবৃদ্ধির দিক দিয়ে ভালো অবস্থানে আছি। বিশ্বের বিভিন্ন দেশ এসএমই খাতকে গুরুত্ব না দেয়ার বিপাকে রয়েছে। তবে আমরা এদিক দিয়ে সুখকর অবস্থানে রয়েছি। বাংলাদেশ ব্যাংক মূলধারার কাজের বাইরে এসএমই ধারণাকে জনপ্রিয় করতে কাজ করেছে। এর লক্ষ ব্যাংক খাতকে নারী উদ্যোক্তা-বান্ধব করা। ট্রাস্ট ব্যাংক এক্ষেত্রে এগিয়ে রয়েছে।
