নিউজপ্রিন্টের ওপর বাড়তি শুল্ক আরোপ অযৌক্তিক :সুরঞ্জিত

আপডেট : ০৯ জুন ২০১৩, ২৩:০৮
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত নিউজপ্রিন্টের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব ‘অযৌক্তিক’ হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নিউজপ্রিন্টের ওপর শুল্কারোপ নিয়ে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা এসেছে। এ সমালোচনা যৌক্তিক। গতকাল রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট ইউনিটি’র নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত প্রস্তাবিত ২০১৩-১৪ অর্থ বছরের বাজেটে নিউজপ্রিন্টের ওপর বিদ্যমান ৩ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেয়া হয়েছে। এ প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, গণতন্ত্র আর সাংবাদিকতা একে অপরের ওপর নির্ভরশীল। একে অন্যকে ছাড়া চলতে পারে না। অতএব আলোচনার মাধ্যমে এর সমাধান করা উচিত। ‘বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পা দেয়নি’ মর্মে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বক্তব্যের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি নিজেদের ফাঁদেই পা দিয়েছে। সংসদে তারা নিজেরাই মুলতবি প্রস্তাব দিয়েছে। আবার নিজেরাই তা প্রত্যাহার করে নিয়েছে। সংগঠনের সভাপতি হাসানুজ্জামান তরুণের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বায়রা সভাপতি শাহজালাল মজুমদার, পাবনার ভাঙ্গুরা উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ, মনির হোসেন, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি, সংগঠনের সাধারণ সম্পাদক মীর আনিসুজ্জামান প্রমুখ।