অন্যায়ভাবে যুবককে থানায় আটক করে নির্যাতন ও তার পরিবারের কাছে চাঁদা দাবী সহ ঐ যুবককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার তত্কালীন ওসি গিয়াসউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়েছে। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এ পরোয়ানা জারী করেন। অভিযোগে জানা যায়, ২০১২ সালের ১৩ অক্টোবর সরাইল উপজেলা সদরের স্বল্প নোয়াগাও গ্রামের মনির হোসেন এই নির্যাতনের শিকার হয়। চাঁদা না দেয়ায় একটি চুরির মামলায় জড়িয়ে ঐ যুবককে আদালতে পাঠায় । এ ঘটনায় যুবকের মা রাশিয়া বেগম ওসি গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বিচার বিভাগীয় তদন্ত শেষে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
