সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার মো. সরোয়ার কামালকে জিজ্ঞাসাবাদ করতে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম গতকাল রবিবার এ আদেশ দেন। উল্লেখ্য, পুলিশ আসামি কামালকে ‘সাইট ইঞ্জিনিয়ার’ হিসাবে প্রতিবেদনে উল্লেখ করলেও আসামি নিজেকে ওই ভবনের ‘কেয়ারটেকার’ হিসাবে দাবি করেন। খুলনা জেলার ফুলতলা এলাকা থেকে গত শনিবার তাকে গ্রেফতার করা হয়।
তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর আসামিকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের রিমান্ড চান। রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামি মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সে ওই ভবন নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত একজন সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ভবন নির্মাণ কাজের তদারকি করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের আবেদন শুনানি করেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল। ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এ আসামির পক্ষে গতকাল কোন আইনজীবী ছিল না। আসামি নিজেই আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন।
