অবশেষে পিতা-পুত্রের ‘কৃষ্ণকলি’

আপডেট : ১০ জুন ২০১৩, ২০:০৩
চলচ্চিত্রকার হিসেবে এ দেশের কিংবদন্তি আমজাদ হোসেন। কিন্তু পুত্র হিসেবে চলচ্চিত্র নির্মাণে এলেও একটি ছবির ঘোষণা ও ছবির তারিখ পেছানোয় যেন রেকর্ড গড়েছেন আমজাদ হোসেন পুত্র সোহেল আরমান। সেই খতিয়ান এখন ভুলতেই যেন বাবার স্ক্রিপ্ট নিয়ে নতুন আরেকটি কাজে হাত দিয়েছেন তিনি। না কোনো চলচ্চিত্র নয়। এবারে চ্যানেল আইতে ১০ জুন থেকে শুরু হতে যাচ্ছে খ্যাতিমান চলচ্চিত্রকার ও লেখক আমজাদ হোসেন রচিত ধারাবাহিক নাটক ‘কৃষ্ণকলি’। আর বাবার লেখা এ নাটকটি পরিচালনা করেছেন সোহেল আরমান। এ ধারাবাহিকে অভিনয় করেছেন—বৃষ্টি, সোহেল আরমান, কেএস ফিরোজ, প্রাণ রায়, এসএ হক অলিক, সোমনা সোমা, অহনা, তারেক স্বপন, কহিনুর, মাহবুবা পারভীন, মাহমুদ সাজ্জাদ, মাসুদ আলী খান প্রমুখ। নাটকটি নিয়ে সোহেল আরমান বলেন, ‘মূলত বাবা-মার আদরে বড় হওয়া এক কালো মেয়েকে ঘিরে গড়ে উঠেছে নাটকটির কাহিনী। গায়ের রংয়ের জন্য একটি মেয়েকে যে নানা রকম সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তারই গল্প এটি। আশা করছি, সব ধরনের দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’