শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

আপডেট : ১০ জুন ২০১৩, ২১:২৩
আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারের দর পতন হলেও গতকাল সোমবার বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৬৬ পয়েন্টে। ডিএসই’র তথ্যে আরও দেখা গেছে, গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ১৩২ টাকা। যা আগের দিনের চেয়ে ৪১ কোটি ৭০ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৭৩টির, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, দরপতন দিয়ে সপ্তাহ শুরু হলেও এতে দর সংশোধন বিবেচনায় গতকাল ফের সূচক বাড়তে শুরু করেছে। এর আগে গত দুই কার্যদিবসে সূচক কিছুটা নিম্নমুখী থাকায় গতকাল বাজারে ফ্রেশ বিনিয়োগের প্রবণতা বেড়েছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৩ টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ বা তারও বেশি। গতকাল বাজারে মোট লেনদেনের ১৬ দশমিক ১৫ শতাংশ হয়েছে জ্বালানি খাতের কোম্পানিগুলোর শেয়ার ঘিরে। এছাড়া মিউচুয়াল ফান্ডে ১০ দশমিক ৫৭ শতাংশ এবং পোশাক খাতের কোম্পানিগুলোর শেয়ারে লেনদেন হয়েছে ১০ দশমিক ২০ শতাংশ। আর দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোমপানি হলো- ইউনিক হোটেল, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ, এইমস ১ম মিউচুয়াল ফান্ড, স্কয়ার ফার্মা, সামিট পূর্বাচল, আমরা টেকনোলজি ও যমুনা অয়েল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কোমপানি হলো- ইউনিক হোটেল, বিএসসিসিএল, জুট স্পিনার্স, ন্যাশনাল হাউজিং, আমরা টেকনোলজি, বিইডিএল, ফু-ওয়াং ফুড, প্রিমিয়ার সিমেন্ট, বিএসআরএম ও ইউনাইটেড ইন্সুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো:- ন্যাশনাল ইন্সুরেন্স, এক্সিম ব্যাংক, নর্দার্ন জুট, প্রগতি লাইফ, এমটিবিএল, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, ১ম আইসিবি, উত্তরা ব্যাংক ও নিটল ইন্সুরেন্স।