বহিষ্কার করা হল রাজ কুন্দ্রাকে

আপডেট : ১০ জুন ২০১৩, ২১:৪৩
স্পট ফিক্সিংয়ে নিজের জড়িত থাকার কথা আগেই স্বীকার করে নিয়েছেন। এরপর তাকে বহিষ্কার করতে ভারতীয় ক্রিকেট বোডের্র (বিসিসিআই) আর কোন বাধা ছিল না। আর তারাও সেই পথই বেছে নিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের দায়ে তাই এবার পদ হারালেন রাজস্থান রয়্যালস দলের মালিকদের একজন রাজ কুন্দ্রা। সোমবার বিসিসিআই-এর ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। রাজ কুন্দ্রা বলিউড নায়িকা শিল্পা শেঠীর স্বামী। আইপিএলে স্পট ফিক্সিং নিয়ে ভারতে যে কেলেঙ্কারি ধরা পড়েছে তার সর্বশেষ অভিযুক্ত রাজ কুন্দ্রা। কুন্দ্রা নিজে দিল্লি পুলিশের কাছে তার বেটিংয়ের কথা স্বীকার করেছেন। গ্রেফতার হয়ে বুকি উমেশ গোয়েঙ্কা রাজ কুন্দ্রার ক্রিকেট জুয়ার সঙ্গে যুক্ত থাকার কথা জানান। উমেশ গোয়েঙ্কা আরও দাবি করেন, শিল্পা শেঠী নিজেও ক্রিকেট বেটিং করছেন। যদিও এ কথা অস্বীকার করেছেন শিল্পা। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন পর্যন্ত রাজ কুন্দ্রাকে ‘ক্লিন চিট’ না দিচ্ছে তদন্ত কমিশন, ততদিন সাসপেন্ড থাকবেন। রাজ কুন্দ্রার আইনজীবী জানিয়েছেন, তারা এ বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হবেন। রাজস্থান রয়্যালসের ১১.৭ শতাংশ শেয়ার রাজ কুন্দ্রার।