আপিলের প্রস্তুতি নিচ্ছেন নাদির শাহ

আপডেট : ১০ জুন ২০১৩, ২১:৪৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে চলমান যে বিতর্ক চলছে, তার আগেও কয়েক বার করে ফিক্সিং বিতর্ক মাথা চাড়া দিয়েছে এখানে। তার পরিণাম হিসেবেই এর আগে বাংলাদেশি ক্রিকেটার শরিফুল হক প্লাবন আজীবন নিষিদ্ধ হয়েছেন এবং দশ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহ। ইতিমধ্যে শাস্তির এক বছর কাটিয়ে ফেলা নাদির শাহ এখন তার শাস্তির বিপক্ষে আপিল করার চিন্তাভাবনা করছেন; অন্তত তেমনটাই বললেন গতকাল কিছু কাগজপত্র নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিসে এসে। ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের গোপন ক্যামেরার সামনে ম্যাচ পাতাতে পারবেন এবং এটা সহজ কাজ, এ ধরনের স্বীকৃতি দিয়ে শাস্তি পেয়েছেন নাদির শাহ। যদিও সে শাস্তি নিয়ে নাদির শাহ’র অসন্তোষ পরিষ্কার। কিন্তু এ বিষয়ে নতুন করে আর কিছু বলতে চাইলেন না এক সময়ের নামকরা এই ক্রিকেটার, ‘রায় নিয়ে অসন্তুষ্ট কি না, অবিচার হয়েছে কি না; এসব বললে তো ওই বিচার ও বিসিবির বিপক্ষে বলা হবে। তাতে বিতর্ক তৈরি হবে। সেটা চাচ্ছি না।’ তবে চান আর নাই চান, বিতর্কিত কথা কিছু কালও বললেন নাদির শাহ। তিনি দাবি করলেন, তাকে শুধু আম্পায়ারিং থেকে দূরে রেখেছে বিসিবি। তার নাকি ক্রিকেট খেলতে বা খেলায় অন্য কোনো দায়িত্ব পালন করতে বাধা নেই। এই কথার প্রতিক্রিয়া জানতে চাইলে বিসিবি একেবারে বিপরীত ব্যাখ্যা দিল। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বললেন, ‘এটা একেবারেই ভুল। তাকে ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কাজ থেকেই নিষিদ্ধ করা হয়েছে।’ এই ভুল বোঝাবুঝি থাকছেই। সেটা আসল আলোচ্য নয়। আসল ব্যাপার হল, নাদির শাহ এখন তার শাস্তির অবসান চান। তিনি আপিল করতে চান, এটাই বারবার বললেন, ‘আমি এরই মধ্যে এক বছর শাস্তি কাটিয়ে ফেলেছি। এই আম্পায়ারিং থেকে দূরে থাকাটা খুব বোরিং। এখন আমি আমার শাস্তির বিপক্ষে আপিল করতে চাই।’