বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র আট মাস। অথচ বিশ্বকাপের ভেন্যু হিসেবে অনুমোদন পাওয়া সিলেট বিভাগীয় স্টেডিয়াম এবং মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু কক্সবাজার স্টেডিয়ামের কাজের তেমন কোন অগ্রগতি নেই। এরই মধ্যে ফের আইসিসির পরামর্শক হিসেবে ঢাকায় এসেছেন ইউজেন ভ্যান ভুরেন। পেশায় তিনি ইঞ্জিনিয়ার, কিন্তু আইসিসির প্রতিনিধি হিসেবে তিনি ঢাকায় এসেছেন বিশ্বকাপের ভেন্যুগুলোর অবকাঠামো পর্যবেক্ষণ করতে। ভেন্যুর অগ্রগতি খুব ভালো না হলেও আইসিসির এই পরার্শক অবকাঠামো দেখে সন্তুষ্ট বলেই দাবি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত রবিবার রাতে ঢাকায় এসে কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপি ঘুরে দেখে এসেছেন এ দক্ষিণ আফ্রিকান ভ্যান ভুরেন। আপাতত এ দুটি ভেন্যু পরিদর্শন করেই তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানালেন বিসিবির এডহক কমিটির সদস্য মাহবুব আনাম, ‘কোন কোন অবকাঠামো তৈরি হচ্ছে এবং কবে নাগাদ এগুলো শেষ হতে পারে; এসব দেখছেন তিনি। এভাবে বাকি ভেন্যুগুলো তিনি পরিদর্শন করবেন। এরপর তিনি আইসিসির কাছে রিপোর্ট দেবেন। এ মাসেই আইসিসির বোর্ড মিটিং ও এজিএম আছে। সেখানেই তিনি তার প্রথম রিপোর্ট জমা দেবেন। তিন মাস পরপর এমনিতেই এ রকম ভেন্যু পর্যবেক্ষক একটি দল আসবে। সেই দলের সাথেও তিনি সম্পৃক্ত থাকবেন।’
ভেন্যু পরিদর্শনে আইসিসির পরামর্শক সন্তুষ্ট হলেও এখনো তিনি সিলেট কিংবা কক্সবাজার পরিদর্শনে যাননি। সেখানে গেলে হয়তো কিছুটা অসন্তুষ্ট হতেই পারেন। তবে মাহবুব আনাম জোর দিয়েই বললেন এ দুটি ভেন্যুর কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে, ‘দরপত্র আহবান করে ইতোমধ্যে সিলেটের কাজ শুরু হয়ে গেছে। কক্সবাজারে উইকেট ও গ্রাউন্ড প্রস্তুতির কাজ শুরু হয়েছে। যেহেতু মহিলা বিশ্বকাপ হবে কক্সবাজারে আর টেলিভিশন সম্প্রচার হবে না। তাই কাজও ওখানে খুব বেশি নয়। মাঠ সমতল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছি। আশা করছি তারা সহযোগিতা করবে। আগামী এক মাসের মধ্যে মাঠের সমতলের কাজও শেষ করা সম্ভব।’
