ঢাকা ওয়াসার বকেয়া বিল আদায়ে শিগগিরই মাঠে নামছে প্রতিষ্ঠানটির মোবাইল কোর্ট। আগামী সপ্তাহের মধ্যে বকেয়া বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করার ঘোষণা দিয়েছে ঢাকা ওয়াসা। ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়াসার সংশ্লিষ্ট বিভাগ জানায়, রাজধানীতে এমন কিছু গ্রাহক আছে যারা গত চার থেকে পাঁচ মাস ধরে পানির বিল পরিশোধ করছে না। এতে ওয়াসার অনেক লোকসান গুনতে হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে ইতোমধ্যে নোটিস পাঠানো হয়েছে। নোটিস পেয়েও তারা এখন পর্যন্ত বকেয়া বিল পরিশোধ করেনি। এমতাবস্থায় আরো কিছু দিনের সময় দেয়া হয়েছে। বকেয়া বিল পরিশোধ করার জন্য গত শুক্রবার থেকে রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে ঢাকা ওয়াসার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এর পরেও যদি কোন গ্রাহক বকেয়া বিল পরিশোধ না করে তাহলে ওয়াসা বাধ্য হয়েই সংযোগ বিচ্ছিন্ন করবে। এমনটি জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।
তিনি বলেন, এ বিষয়ে আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট গ্রাহকদের অবগত করেছি। সময়সীমা পার হলে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হব। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি। তিনি বলেন, সময়মতো বকেয়া বিল আদায় না হওয়ায় ঢাকা ওয়াসা তার উন্নয়ন কাজ চালাতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছে। বিল খেলাপি বিভিন্ন প্রতিষ্ঠান ও হোল্ডিংয়ের বিরুদ্ধে ওয়াসা এ ধরনের কার্যক্রম চালাবে।
ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াছি উদ্দিন বলেন, এর আগে গত বছর এ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তখন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। তাতে অর্ধ কোটি টাকারও বেশি বকেয়া টাকা আদায় হয়। এবারো কয়েকগুণ বেশি হতে পারে।
ওয়াসার রাজস্ব শাখায় যোগাযোগ করে জানা গেছে, ঢাকা ওয়াসার রাজস্ব সেন্ট্রাল ফাংশনের আওতাধীন বিভিন্ন সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন হোল্ডিংয়ের অনুকূলে পানি ও পয়ঃকর দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে আছে। বারবার বকেয়া পরিশোধের চিঠি দিয়ে তা আদায় করতে না পেরে এসব হোল্ডিংকে বিল খেলাপি হিসেবে ঘোষণা করেছে ওয়াসা। এসব প্রতিষ্ঠানেরও সংযোগ বিচ্ছিন্ন করতে পারে ওয়াসা।
