গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণেচ্ছু প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। বাছাইয়ের শেষদিন গতকাল সোমবার ৫৭টি ওয়ার্ডের মধ্যে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৯ থেকে ৫৭ নং ওয়ার্ড পর্যন্ত ৩৯টি ওয়ার্ডের মনোনয়নপত্র বাছাই করা হয়। মনোনয়নপত্র বাছাইকালে বিভিন্ন ওয়ার্ডের ১১ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১ জনের প্রার্থিতা স্থগিত করা হয়। শহরের বঙ্গতাজ মিলনায়তনে নির্বাচনে রিটার্ণিং অফিসার মোঃ মতিয়ার রহমান প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থনকারীদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করেন। এছাড়া গতকাল স্থগিত ঘোষিত মেয়র পদে সম্মিলিত নাগরিক কমিটি সমর্থিত আওয়ামী লীগের বিদ্রোহী আলোচিত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ও সচেতন নাগরিক কমিটি মনোনীত প্রার্থী ডাঃ নাজিম উদ্দিন আহমেদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
এদিকে সম্মিলিত নাগরিক কমিটি সমর্থিত জাহাঙ্গীর আলম উক্ত নির্বাচনে অংশগ্রহণের জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্ণিং অফিসার বাছাইয়ের প্রথম দিনে গত রবিবার তার মনোনয়নপত্র স্থগিত করে গতকাল সোমবার বিকাল ৪টার মধ্যে পদত্যাগপত্র গৃহীত হয়েছে মর্মে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দেয়ার জন্য নির্দেশনা দেন। কিন্তু উক্ত সময়ের মধ্যে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে মর্মে কোন প্রত্যয়নপত্র দাখিল করতে না পারার কারণে রিটার্ণিং অফিসার গতকাল তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আমি রিটার্ণিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করবো।
