গতকাল সোমবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনার সময় সরকার ও বিরোধী দলের সিনিয়র সদস্যদের বক্তব্যে সংসদ প্রাণবন্ত হয়ে উঠে। আর তাদের কথা বলার সময় মাঝে মধ্যে পরস্পরের প্রতি ছুঁড়ে দেয়া রসাত্মক মন্তব্যে অধিবেশন কক্ষে হাসির রোল পড়ে।
আওয়ামী লীগের সিনিয়র সদস্য তোফায়েল আহমেদ বক্তব্য রাখার সময় মওদুদ আহমদকে উদ্দেশ্য করে বলেন, মানুষ কি ভুলে গেছে অপারেশন ক্লিন হার্টের কথা? মনে পড়ে কি আপনারা আমাদের বিরুদ্ধে ৭২ হাজার মামলা দিয়েছিলেন? মওদুদ আহমদ আপনি কি ভুলে গেলেন ১৯৯১ সালে বিএনপির সময় আপনাকে আমাকে ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করা হয়েছিলো। আমাদের তিনজনকে তিনটি পৃথক কারাগারে পাঠানো হয়েছিলো।
ভেরি ব্যাড কালচার
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ হরতাল সম্পর্কে সরকারি দলের উদ্দেশ্যে বলেন, আমি স্বীকার করছি এটি ভেরি ব্যাড কালচার। তবে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আপনারা যা করে দেখিয়েছেন তা আমরা মাত্র অনুসরণ করছি।
স্পিকারের উদ্দেশ্যে বলুন
মওদুদ আহমদ প্রবৃদ্ধি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমার মনে হয় সুরঞ্জিত বাবু শুধুই বলেন, কিন্তু বই পড়েন না। আমাদের সময় প্রবৃদ্ধি চার শতাংশ নয়, আরও বেশি ছিলো। কি সুরঞ্জিত বাবু শুনছেন আমার কথা?’ এ সময় স্পিকার বলেন, মাননীয় সদস্য আপনি ঐদিকে নয়, স্পিকারকে উদ্দেশ্য করে বলবেন। জবাবে মওদুদ বলেন, ‘জি স্পিকার। তবে সুরঞ্জিত বাবু শুনছিলেন না তো তাই বলছিলাম।’
গরীবের ঘোড়া রোগ
স্বতন্ত্র সদস্য মোহাম্মদ ফজলুল আজিম পদ্মা সেতু সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কথা ভুলে যেতে হবে। কারণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার কথা অর্থমন্ত্রী বলছেন। আসলে তিনি বুঝতে পারছে না। এটি করার অর্থ হচ্ছে গরীবের ঘোড়া রোগের মত।
