গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তা মোড় এলাকা থেকে অগ্রণী ব্যাংকের ম্যানেজারের ছিনতাই হওয়া প্রাইভেট কারটি ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী থেকে রবিবার গভীর রাতে উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। এসময় ৩ ছিনতাইকারীকে আটক করা হয়।
জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তা মোড় এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় অগ্রণী ব্যাংকের এক ম্যানেজারের ড্রাইভারকে কুপিয়ে জখম করে প্রাইভেট কারটি ছিনতাই করে নিয়ে যায় একদল ছিনতাইকারী।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বাগাট এলাকা থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।
এসময় আব্দুস সালাম সম্রাট (২০), বাদশা পাহার (২২) ও শাকিল (২১) নামের তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তিনি জানান, প্রাইভেট কারটি যশোরের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার বাগাট বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এদিকে রবিবার সন্ধায় র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর ১টি ট্রাক তল্লাশী করে ৫৫১ বোতল ফেনসিডিল ও ৮ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মাদক বহনকারী ট্রাক জব্দ করেছে। আটককৃত ড্রাইভারের নাম মোঃ রেজাউল মিয়া(৪২), পিতা-মৃত মোতালেব মিয়া, সাং-উজানচর মসজিদপাড়া, ৯নং ওয়ার্ড, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী।
