অমাবস্যার প্রবল জোয়ারে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়ে মহাসেনে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দিয়ে পানি প্রবেশ করে আবারও প্লাবিত হয়েছে বরগুনার বালিয়াতলী, পাতাকাটা-কাটাখালী, বেতাগীর আলিয়াবাদ, দক্ষিণ কালিকাবাড়ি, পাথরঘাটার রুহিতা, জিনতলা, কালমেঘা, আমতলীর আড়পাঙ্গাশিয়া, তালতলীর নলবুনিয়া, তেতুলবাড়িয়া, মরানিদ্রা, আগাপাড়া, মিনিপাড়া, চামোপাড়া, অঙ্কুজানপাড়া, তাঁতীপাড়াসহ প্রায় ২৫টি গ্রাম। প্লাবিত হয়েছে বেড়িবাঁধের বাইরে থাকা আশ্রয়ণ প্রকল্পগুলো।
নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুলাল ফরাজী জানান, পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার পাওয়া ঠিকাদারদের গাফিলতির কারণে সিডর-আইলায় ভাঙ্গা বেড়িবাঁধ মেরামত না হওয়া এবং মহাসেনে নতুন করে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড, বরগুনা অফিসের নির্বাহী প্রকেশলী মো. আবদুল মালেক জানান, বরগুনার বিভিন্ন এলাকার ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মহাসেনের আঘাতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
