ডায়রিয়ার প্রকোপ কুলাউড়া হাসপাতাল স্যালাইনশূন্য

আপডেট : ১০ জুন ২০১৩, ২২:২০
কুলাউড়া উপজেলার সর্বত্র ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ১ জুন থেকে গতকাল সোমবার পর্যন্ত কুলাউড়া ৫০ শয্যার হাসপাতালে ৮০ জনেরও বেশি ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২১জনই শিশু। প্রত্যেক রোগিকে বাইরে থেকে স্যালাইন কিনে চিকিত্সা করাতে হচ্ছে। হাসপাতালে এক ব্যাগ স্যালাইন পর্যন্ত নেই। জানা যায়, জ্বালানি তেলের অভাবে ৫০ শয্যার এই হাসপাতালের জেনারেটরটি বেশ কিছুদিন যাবত্ বন্ধ। বিদ্যুত্ সরবরাহ বন্ধ হলে রোগীদের ঘন্টার পর ঘন্টা অন্ধকারে থাকতে হয়। হাসপাতালের একমাত্র এ্যাম্বুলেন্সটি সামান্য যন্ত্রাংশের জন্য গত এক সপ্তাহ যাবত্ বন্ধ। এ্যাম্বুলেন্স না থাকায় রোগীদেরকে জেলা সদর মৌলভীবাজার থেকে বেশি টাকা দিয়ে এ্যাম্বুলেন্স এনে আশঙ্কাজনক রোগিকে সিলেট হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। অপর এক খবরে জানা যায়, এই হাসপাতালের কাছে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের ২ লক্ষাধিক টাকা বকেয়া পাওনা রয়েছে। ফলে তারা তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। এই ব্যাপারে হাসপাতালের নবাগত স্বাস্থ্য প্রশাসক ডা. আলাউদ্দিন আল আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্যালাইন সংকটের কথা স্বীকার করে বলেন, চাহিদাপত্র পাঠানো হয়েছে। সেখানেও স্যালাইনের সংকট রয়েছে।