রংপুরে সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করে বেসরকারি প্রতিষ্ঠান ‘সূর্যের হাসি’র কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উন্নত পরিবার গঠন মহিলা সংস্থার নেতারা। গতকাল সোমবার মহানগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আগামী ৭২ ঘন্টার মধ্যে কার্যালয় খুলে দেয়ার দাবি জানানো হয়। নইলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়।
প্রসঙ্গত, জেলা প্রশাসনের কাছ থেকে নেয়া লিজের চুক্তি ভঙ্গ করার অভিযোগে কয়েকদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যের হাসির কার্যালয়ে তালা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উন্নত পরিবার গঠন মহিলা সংস্থার সভানেত্রী মারহামাতুন নেছা। লিখিত বক্তব্যে বলা হয়, ২১ বছর আগে জেলা প্রশাসকের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় লিজ নিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু করা হয়। মূলত নারী উন্নয়ন, নারী অধিকার, নারী নির্যাতন প্রতিরোধ, নারী শিক্ষা এবং মা ও শিশু স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। প্রতিষ্ঠানে তালা দেয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন দেয়া সম্ভব হয়নি।
