বরিশাল নির্বাচন

হিরনের বিরামহীন প্রচারণা বিএনপির টার্গেট ইসলামী দল

আপডেট : ১০ জুন ২০১৩, ২২:৫৬
ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন মহাজোটের সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরন। প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই বেড়িয়ে পড়েন গণসংযোগে। পাড়া-মহল্লার অলি-গলিতে ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে নিজের উন্নয়ন চিত্র তুলে ধরে ভোট চাইছেন। গভীর রাত পর্যন্ত তার এ প্রচারণা অব্যাহত থাকলেও রিজার্ভ ভোটের ভরসায় বিএনপি’র মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল তেমন একটা গণসংযোগ করছেন না। তার প্রচার-প্রচারণায় আসা বিএনপি’র কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত চেয়ে আছেন মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ারের দিকে। বিএনপি’র ভোট ব্যাংকের দখল সরোয়ারের হাতে এমন ভরসা নিয়েই বিএনপি অনেকটা ঘরমুখো। জেলা ও মহানগর বিএনপি’র স্থানীয় নেতারা মনে করছেন তাদের রিজার্ভ ভোটের পাশাপাশি ইসলামী দলগুলো এবং আওয়ামী লীগ বিরোধী ভোটারদের ভোটেই তাদের সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামাল মেয়র নির্বাচিত হবেন। এ রকম ধারণা থেকেই অনেকটা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হয়ে ঘরমুখো বিএনপি’র পরাজয় ডেকে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি’র এ নিরবতার মাঝেই আওয়ামী লীগ প্রার্থী শওকত হোসেন হিরন তার ব্যক্তিগত উন্নয়ন কর্মকাণ্ড কাজে লাগিয়ে ভোটের হিসাব-নিকাশ পাল্টে দেয়ার জন্য দিন-রাত সমানতালে ভোটারদের কাছে ছুটছেন। স্থানীয় নির্বাচন বিবেচনায় বিএনপি’র কিছু ভোট পাওয়ার পাশাপাশি নতুন মুখের ৩১ হাজার তরুণ ভোটারকে টার্গেট করে চলছে শওকত হোসেন হিরনের প্রচার-প্রচারণা। প্রায় ৬০ বর্গ কিলোমিটার এ নগরীতে গত নির্বাচনে ভোটার ছিল এক লাখ ৭৯ হাজার ৩৯৩ জন। এবার ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৪৮৩ জন। ভোটার বেড়েছে ৩১ হাজার ৯০ জন। তরুণ প্রজন্মের ভোটাররা হিরনের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে ভোট দেবেন বলে হিরন বিশ্বাস করেন। বিএনপি’র স্থানীয় নেতারা জানান, তারা একেবারে ঘরে বসে নেই। বিরোধী দল হিসেবে একটু কোণঠাসা অবস্থায় থেকেই তাদের প্রচার-প্রচারণায় অংশ নিতে হচ্ছে। বিএনপি’র আদর্শে বিশ্বাসী ভোটাররা অন্য কোনো প্রার্থীকে ভোট দেবেন না বলেই বিএনপি প্রার্থী আহসান হাবিব কামাল বিশ্বাস করেন। বিএনপি নেতা-কর্মীরা মনে করছে বিএনপি’র রিজার্ভ ভোট রয়েছে আওয়ামী লীগের প্রায় দ্বিগুণ। এর মাঝে আওয়ামী লীগের ক্ষমতা আমলে সরকার পরিচালনায় ব্যর্থতা ও ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণেই বিপুল ভোটে তারা বিজয়ী হবেন। তাদের প্রচারণা অনেকটা এগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক খান মামুন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত থাকা মাহমুদুল হক খান মামুন ভোটারদের কাছে তার নিজ দলের সমর্থিত টেলিভিশন প্রতীকের প্রার্থী শওকত হোসেন হিরনের কঠোর সমালোচনা করে ভোট চাইছেন। মামুনের এ প্রচার-প্রচারণা বিএনপি’র ভোট বাড়াচ্ছে বলে স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন।