রানা প্লাজায় ধস

বেতন ক্ষতিপূরণ প্রদানে অস্বচ্ছতার অভিযোগ

আপডেট : ১০ জুন ২০১৩, ২৩:০৪
রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের যে সহায়তা করা হচ্ছে তা কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। বেতন-ক্ষতিপূরণ-সাহায্য, এমনকি চিকিত্সা প্রদানের ক্ষেত্রেও নেই কোন স্বচ্ছতা। নিখোঁজ অনেক শ্রমিকের পরিবার কোন সাহায্য পায়নি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত রানা প্লাজা গার্মেন্ট শ্রমিক ইউনিয়নের এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নেত্রী ও রানা প্লাজার শ্রমিক শাবানা আক্তার। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রানা প্লাজা থেকে জীবিত ফিরে আসা শ্রমিক ও নিহত-আহত শ্রমিকদের পরিবার-পরিজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দে র উপদেষ্টা মনজুরুল আহসান খান, সভাপতি অ্যাড. মন্টু ঘোষ, সহ-সভাপতি মাহবুব আলম প্রমুখ। লিখিত বক্তৃতায় বলা হয়, রানা প্লাজার শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা হয়নি। এদের অনেকেই কোন টাকা পায়নি বা যা পেয়েছিল তা শেষ হয়ে গেছে। এখন বাঁচার উপায় নাই। অথচ গণমাধ্যমের কল্যাণে ভবন ধসের পর কোটি কোটি টাকা অর্থ সাহায্য আসছে বলে জানেন শ্রমিকরা। তাই রানা প্লাজা শ্রমিক ইউনিয়ন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সুষ্ঠুভাবে সহায়তা করার জন্য ছয় দফা দাবি উত্থাপন করে সংবাদ সম্মেলনে। ইতিপূর্বে গত পাঁচ জুন ইউনিয়নের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য সাভারের ইউএনও অফিসে এই দাবিনামাসহ একটি স্মারকলিপি দেয়া হয়। এসব দাবির মধ্যে রয়েছে, রানা প্লাজার মালিক ও সংশ্লিষ্ট গার্মেন্ট কারখানার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, ভবন ও কারখানার অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল তাদের শাস্তি দেয়া, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংশোধনীসহ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা। এছাড়া দাবিনামায় রানা প্লাজায় কর্মরত সকল পোশাক শ্রমিককের বকেয়া বেতন, সুযোগ-সুবিধা, ক্ষতিপূরণ, আহতদের বিনামূল্যে সুচিকিত্সা ও পুনর্বাসনের ব্যবস্থা করা এবং ধস স্থলে শ্রমিকদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও বলা হয়েছে।