পাঁচ ইস্যুতে কাল নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি

আপডেট : ১০ জুন ২০১৩, ২৩:০৭
নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল, দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ, কারাবন্দী দলীয় সকল নেতা-কর্মীর মুক্তি, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং সরকারের পদত্যাগ দাবি-এই পাঁচ ইস্যুতে আগামীকাল বুধবার বিকাল ৩টায় নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের দপ্তরে ইতিমধ্যে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু গতকাল সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের দপ্তরে চিঠি দেয়া হয়েছে। আশা করছি, ডিএমপি সমাবেশের অনুমতি দেবে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা বলেছেন-অনুমতি নিয়ে সমাবেশ করার সুযোগ বন্ধ করা হয়নি। বুধবারের সমাবেশের অনুমতি মিললে সরকারের এই বক্তব্যের সত্যতা পাওয়া যাবে। প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর গত ১৯ মে ঢাকা মহানগরীতে এক মাসের জন্য সকল রাজনৈতিক সভা-সমাবেশের ওপর ‘নিষেধাজ্ঞার’ কথা জানান। ওই দিন রাতেই এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমতি ছাড়া এক মাস কোনো সভা-সমাবেশ করা যাবে না। এই ‘নিষেধাজ্ঞার’ মেয়াদ পূর্ণ হতে এখনো আট দিন বাকি। এর আগেই সমাবেশ ডাকল প্রধান বিরোধী দল।