নাকী মুহাম্মদ নাফীস আখতার, ষষ্ঠ শ্রেণি
আমার প্রিয় স্কুলের নাম- ‘কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়’। বিদ্যালয়টি ১৮৫৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি লালমনিরহাট জেলা শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে পাটগ্রাম-লালমনিরহাট-ঢাকা মহাসড়কের কোল ঘেঁষে কাকিনা রাজবাড়ীর প্রাণকেন্দ্রে অবস্থিত। ‘কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’- এই বিখ্যাত কবিতার রচয়িতা কবি শেখ ফজলুল করিমের স্মৃতিবিজড়িত জন্মভিটার উপকণ্ঠে এবং কবির বাল্যকালের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এই ‘কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়’।
কাকিনার মহারাজা মহেন্দ্র রঞ্জন রায় চৌধুরী ১৯০৯ খ্রিস্টাব্দে তার পিতা মহারাজা মহিমা রঞ্জন রায় চৌধুরীর নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করেন। এর আগে বিদ্যালয়টি কাকিনা ইংরেজি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত ছিল। বিদ্যালয়টিতে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান দেয়া হয়। বর্তমানে প্রায় দেড় হাজারের মতো ছাত্র-ছাত্রী বিদ্যালয়টিতে অধ্যয়ন করছে। প্রতি বছর জেএসসি এবং এসএসসি পরীক্ষায় বিপুলসংখ্যক ছেলেমেয়ে উত্তীর্ণ হয়। আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়টিতে একাদশ-দ্বাদশ শ্রেণি খোলার পরিকল্পনা রয়েছে। বিদ্যালয়টি রংপুর বিভাগ তথা উত্তরাঞ্চলের একটি সুপ্রাচীন বিদ্যাপীঠ। অনেক গুণি ব্যক্তিত্ব এই বিদ্যাপীঠ থেকে উত্তীর্ণ হয়ে বর্তমানে দেশে-বিদেশে স্বনামে পরিচিতি লাভ করেছেন।
আমি বর্তমানে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছি। আমার প্রিয় এই বিদ্যালয়ে প্রতি বছর ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ আরো অন্যান্য বিশেষ দিনগুলোতে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে থাকে। প্রায় ১৪ একর জমি নিয়ে বিদ্যালয়টির অবস্থান। এর চারপাশের মনোরম পরিবেশ আমাকে দারুণভাবে মুগ্ধ করে। বিদ্যালয়টি আমার খুবই প্রিয়। এমন একটি সুপ্রাচীন বিদ্যালয়ে অধ্যয়ন করে আমি নিজেকে গর্বিত বোধ করছি। আমি আমার এই প্রিয় বিদ্যালয়টির উত্তরোত্তর উন্নতি কামনা করি।
