স্বপ্নমাখা দিন
নয়টি শিশুতোষ গল্প নিয়ে সাজানো চঞ্চল শাহরিয়ার রচিত ‘স্বপ্নমাখা দিন’ বইটি। শিশু সাহিত্যে চঞ্চল শাহরিয়ার পরিচিত নাম। গল্পগুলো ছোট ছোট কিন্তু দক্ষতা ও আন্তরিকতায় সুপাঠ্য হয়ে উঠেছে। শুরুতে রয়েছে প্রিয় স্বাধীনতা নামের গল্পটি। স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অহংকার। আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের রয়েছে এক মহান ইতিহাস। কিশোর মনের মাধুরী মিশিয়ে চঞ্চল শাহরিয়ার স্বাধীনতার চিত্র ফুটিয়ে তুলেছেন মমতাময়ী, জননীর ছায়া ও ‘শান্তনুর অহংকার’ গল্পগুলোয়।
এছাড়া ‘ছোট মামা’ এবং ‘ছোট চাচা ও বৈশাখী মেলা’ গল্পে তুলে ধরা হয়েছে ছোটদের সাথে বড়দের গড়ে ওঠা অপূর্ব ভালোবাসার বন্ধন। এসব গল্প জুড়ে রয়েছে শিশু-কিশোরদের মজার মজার খেলাধুলা, ভ্রমণ আর উত্সব অনুষ্ঠানের আনন্দের কাহিনী।
‘অপেক্ষা’ ও ‘বৃষ্টির দুপুর গল্প দু’টি অন্য রকম। দরিদ্র-অসহায় মানুষের প্রতি-কিশোর মনের সরল সহানুভূতি ও ভালোবাসার অপূর্ব এক চিত্র ফুটে উঠেছে গল্প দুটিতে। গল্পের ভাষা সহজ, সাবলীল। বৃষ্টির দুপুর গল্পের কয়েকটি বাক্য এরকম:
সাথী না চাইলেও সোমা দুপুর বেলা সাথীকে ভাত ভাইয়ে দেয়। যতোবার সাথীকে ভাত খাইয়ে দিয়েছে ততোবার সাথীর মুখ লজ্জায় লাল হয়ে গেছে।.... এ ব্যাপারে জিজ্ঞেস করলে সাথী একদিন বলে ছিলো....।
মা-বাবাকে রেখে এতো ভালো ভালো খাবার খেতে ভাল লাগে মারে সোমা।
মা-বাবার প্রতি এতো ভালোবাসা দেখে মুগ্ধ হয় সোমা।
বইটি প্রকাশ করেছে বাংলাবাজার, ঢাকা থেকে সিদ্দিকীয়া পাবলিকেশন্স। প্রচ্ছদ ও বাঁধাই সুন্দর। ভেতরের আঁকা ছবিগুলোও বেশ। মূল্য আশি টাকা।
বুলবুল এ জাফর
