জাপান শিক্ষা ব্যবস্থার দিক থেকে এগিয়ে চলেছে। জাপানের উচ্চ শিক্ষার মান বর্তমানে সারা বিশ্বেই সমাদৃত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য জাপানে পাড়ি জমাচ্ছেন। বাংলাদেশের ছাত্র-ছাত্রীরাও পাচ্ছেন পড়াশোনার সুযোগ। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহীরা জাপানকে বেছে নিতে পারেন। জাপানে পড়তে গিয়ে একটু খোঁজ করলেই পেয়ে যেতে পারেন বৃত্তি। সে বিষয়ে বলার আগে ‘মনবুশো’ বৃত্তি নিয়ে দু’টো কথা। মনবুশো বৃত্তি দু’ভাবে পেতে পারেন। জাপান দূতাবাসে আবেদন করলে মেধার ভিত্তিতে পেতে পারেন এই বৃত্তি। এ ছাড়া জাপানেরই কোনো নামি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো নামি অধ্যাপক বরাবর চিঠি লিখে যোগাযোগ করতে পারেন। তিনিও আপনার হয়ে চেষ্টা করবেন।
ভর্তির সেশন বা শিক্ষাবর্ষ: জাপানের শিক্ষা প্রতিষ্ঠানে বছরে দু’টি সেমিস্টারে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পান। এপ্রিল ১ থেকে সেপ্টেম্বর ৩০ এবং ১ অক্টোবর থেকে ৩১ মার্চ। তবে কিছু প্রতিষ্ঠান ‘ফল সেমিস্টারে’ (সেপ্টেম্বর-অক্টোবর) ভর্তি করে থাকে।
যেসব বিষয়ে পড়তে পারেন: হিউম্যান স্টাডিজ, ভাষা শিক্ষা, ইতিহাস, মানববিদ্যা, এডুকেশনাল সায়েন্স, ল’ অ্যান্ড সোসাইটি, পাবলিক ল’ অ্যান্ড পলিসি, ট্রান্সন্যাশনাল ল’ অ্যান্ড পলিসি, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, জোতির্বিদ্যা, ভূ-প্রকৃতিবিদ্যা, রসায়ন, ভূ-বিজ্ঞান, মেকানিক্যাল সিস্টেমস অ্যান্ড ডিজাইন, ন্যানোমেকানিকস, এডুকেশনাল ইনফরমেটিকস, পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল লাইফ সায়েন্স, ফলিত তথ্যবিজ্ঞান, আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক, এরিয়া স্টাডিজ, বায়োসায়েন্স ও বায়োটেকনোলজি, প্রাণবিজ্ঞান, স্থাপত্য ও ভবনবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স, হিউম্যান-সোশ্যাল ইনফরমেশন সায়েন্স, বায়োলজি অ্যান্ড নিউরো সায়েন্স, কম্পিউটার অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্স ইত্যাদি।
ভাষাগত যোগ্যতা: জাপানি ভাষার ওপর পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ছয় মাসের জাপানি ভাষার কোর্স সম্পন্ন হতে হবে। কিছু কিছু প্রতিষ্ঠান টোফেল সিবিটি স্কোর ১৫০-এর ওপর অথবা টোফেল আইবিটি স্কোর ৫২-এর ওপর চায়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির জন্য জাপানি ভাষার দক্ষতার ওপর একটি পরীক্ষা দিতে হবে।
টিউশন ফি: টিউশন ফি বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করে। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর প্রায় ১০ হাজার ডলার, লোকাল বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর প্রায় ১১,৩৭৭ ডলার, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর প্রায় ৭,৯৫৯ থেকে ৬১,১২৩ ডলার খরচ পড়বে। যারা জাপানি সরকারের বৃত্তি পেয়ে পড়াশোনা করতে যান, তাদের টিউশন ফি দিতে হয় না।
পার্টটাইম জব: পড়াশোনার পাশাপাশি আপনি খণ্ডকালীন চাকরি করতে পারেন। খণ্ডকালীন চাকরি হিসেবে ফাস্ট ফুড ক্যাটারিং, সেলস পারসন, ট্রান্সলেটর, কম্পিউটার ওয়ার্ক, স্কুলশিক্ষক, টিউটর, বডিগার্ড, উইন্ডো-ক্লিনার হিসেবে কাজ করতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.u-tokyo.ac.jp www.kyoto-u.ac.jp
www.osaka-u.ac.jp www.titech.ac.jp
www.keio.ac.jp www.kyushu-u.ac.jp
www.nagoya-u.ac.jp www.hokudai.ac.jp
www.tsukuba.ac.jp www.kobe-u.ac.jp
