খুব অল্প সময়ে বেশ কটি বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয় করলেও এবারের ঈদে ঠিক কোন ছবিটা রিলিজ হবে তা এখনও নিশ্চিত নন এ সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইমন। অনেকটা মজা করেই যেমন অনেকে বলেন, ‘ছবি তৈরি করা যত সহজ তা রিলিজ দেওয়া তার চেয়েও কয়েকগুণ কঠিন। কারণ একটি ছবি রিলিজের সাথে অনেক কিছুই সম্পৃক্ত থাকে। এইসব দিক বিবেচনায় ইমন শুধু জানালেন নারগিস আক্তার আপুর ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি পুরোটাই পরিচালক-প্রযোজকের ওপর নির্ভর করছে। এদিকে সম্প্রতি টানা শুটিং করে শেষ করলেন চাষী নজরুল ইসলামের একটি চলচ্চিত্র। একই পরিচালকের আরও একটি চলচ্চিত্রে কাজ করার কথা তার। এর পাশাপাশি স্বপন আহমেদের ‘পরবাসিনী’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। নিজের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে ইমনের শুধু এটুকুই বক্তব্য, ‘আমি খুবই গুছিয়ে এই চলচ্চিত্রে এগুতে চাই। আমার ভেতরে তাড়াহুড়ো নেই। হাতে অনেকগুলো ছবি। আমি মনে করি সব চরিত্রই আমি যদি ভেতর থেকে ভালো একটা অভিনয় দেখাতে পারি, তাহলে দর্শকদের ভেতরে আলাদা একটা জায়গা করে নিতে পারব। আমি সৌভাগ্যবান যে আমি অতি সম্প্রতি যে কটি চলচ্চিত্রে কাজ করেছি, তার প্রায় প্রত্যেকটি চরিত্রই আলাদা। একটির সাথে অন্যটির কোনো মিল নেই।
