দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে স্যাটেলাইট চ্যানেল জিটিভি। গত বছরের ১২ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ‘বিশ্বময় বাংলাদেশ’-এই স্লেগানে দেশ ও বিশ্বদরবারে নিজেদের নতুন রূপে নতুন আঙ্গিকে তুলে ধরার প্রত্যয় নিয়ে শুরু হয় জিটিভির পথচলা। আজ চ্যানেলটি দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে। এই বর্ষপূর্তি উপলক্ষে একটি বছরে নিজেদের সফলতা, ব্যর্থতা ও ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরতে গত ১০ জুন জিটিভি কার্যালয়ে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিটিভির ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আসিরয়া, প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম, বার্তা প্রধান মেজবাহ আহমেদ, উপদেষ্টা সম্প্রচার ও প্রকৌশল ফেরদাউছ আহমেদ, প্রধান মানব সম্পদ ও প্রশাসন মো. নুরুজ্জামান, প্রধান বিজ্ঞাপন ব্যববস্থাপক মরুিল ইসলাম মনি এবং সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার লিটন হাফিজ। আজ প্রথম প্রহরে জিটিভির সকল কর্মকর্তা ও কর্মচারী এবং দেশের বরেণ্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং মিডিয়া ব্যক্তিরা উপস্থিত থেকে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সুচনা করবেন। দিনব্যাপী নানা আয়োজনে পালিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী।
