দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে কৃষি খাতে প্রায় ১৩ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যা পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার ৯২ শতাংশ। আগের বছরের একই সময়ে এ খাতে বিতরণ হয়েছিলো ১১ হাজার ৪৫৩ কোটি টাকা। যা ছিলো ওই বছরের মোট লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমনটি দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের এমন বাধ্যবাধকতার কারণেই এসব ব্যাংক কৃষি ঋণ বিতরণের পরিমাণ বাড়িয়েছে। চলতি অর্থবছরের জন্য কৃষি খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ১৩০ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য এ লক্ষ্যমাত্রা সামান্য বাড়িয়ে ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা করা হয়েছে বলে গত বৃহস্পতিবার ঘোষিত বাজেটে দেখা গেছে।
কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানার চার ব্যাংক ও বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চলতি বছরের প্রথম এগার মাসে (জুলাই- মে) সাত হাজার ৫৪৫ কোটি টাকা বিতরণ করেছে। যা লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৬৬ শতাংশ। আর চলতি এসময়ে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো পাঁচ হাজার ৪৫১ কোটি টাকা বিতরণ করেছে। এটি বিতরণ লক্ষ্যমাত্রার ৯৮ দশমিক ৬৯ শতাংশ। আগের বছরের একই সময়ে তাদের বিতরণ হয়েছিলো লক্ষ্যমাত্রার ৭৪ দশমিক ৪২ শতাংশ ঋণ।
