উজিরপুরের ক্ষুদে শিক্ষার্থী রুমা আক্তার (১৩) এ্যাথলেটিকস প্রতিযোগিতায় (বয়সভিত্তিক) ২০১৩ ফাইনাল খেলায় বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে। সে উজিরপুরের পশ্চিম শোলক গ্রামের দিনমজুর আ. রহিম হাওলাদারের একমাত্র মেয়ে। ঢাকায় বিকেএসপির ১ মাসের প্রশিক্ষণ শেষ করে গত ৩০ জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ্যাথলেটিকস প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
তাকে ওয়ালটন টেলিভিশন ২৯তম জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক) এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০১৩ প্রথম স্থানের মেডেল প্রদান করে। রুমা এর পূর্বে ২০১১ ও ২০১২ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা ফুটবল টুর্নামেন্টে ঢাকায় ফাইনাল খেলা ও জেলা কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। রুমা পশ্চিম শোলক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পাস করে বর্তমানে ঢাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক’ শাখায় ভর্তি হয়েছে। তার মা মিনারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, এলাকার মানুষ আমার মেয়ের খেলাধুলা নিয়ে খারাপ মন্তব্য করতো। এখন বাংলাদেশের প্রথম হওয়ায় আমার বুক ভরে গেছে। ভিক্ষা করে হলেও মেয়েকে লেখাপড়া করাবো। এদিকে স্থানীয় সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি তার লেখাপড়ার দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন।
